সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, ফারুক পেশায় একজন টাইলসের মিস্ত্রি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে ফারুককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।
নিহত ফারুক গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।