সিএনএমঃ
নরসিংদীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলনে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন। গতকাল রোববার রাতে গাজীপুর জেলার গাছা থানার গাছা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার আমতলী থানার বলইবুনিয়া (বুইচাখালী) এলাকার মো: নজরুল মৃধা (৩৩), দিনাজপুরের চিরিরবন্দর থানার দক্ষিণ নগর (বিন্যাকরী) এলাকার মো: আ: রাজ্জাক (২৪), রানীপুর এলাকার রফিকুল ইসলাম (২২) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার মো: তারেক মিয়া (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেটকারে ওঠেন। এসময় যাত্রীবেশে তার সাথে প্রাইভেটকারে ওঠেন আরও ৩ জন। প্রাইভেটকারটি ঢাকা সিলেট মহাসড়ক ধরে কিছুদূর যাওয়ার পর ওই ৩ যাত্রী ও চালক ওই ব্যাংক কর্মকর্তার হাত, পা এবং চোখ বেঁধে এটিএম কার্ড এবং মোবাইল ছিনিয়ে নেয়।
এসময় ভয় দেখিয়ে এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে দুই দফায় ১ লাখ ৯১ হাজার টাকা উত্তোলন করে নেয় তারা। পরে ভুক্তভোগী ব্যাংকারকে নরসিংদী সদরের মাধবদী এলাকায় সড়কের ফেলে যায়।
গত ৭ অক্টোবর হেলাল আহমেদ নামে এক চিকিৎসক নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার পথে একইভাবে ছিনতাইয়ের শিকার হন। এসময় ৪ ছিনতাইকারী তার এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ১ লাখ টাকা উত্তোলন করে এবং নগদ ৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
দুটি ঘটনায় শিবপুর ও সদর থানায় ভুক্তভোগীরা মামলা করলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৮টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, চাকু, গামছা, কচস্টেপ এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা গাজীপুর এলাকায় সংঘবদ্ধভাবে বসবাস করে এসব ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সংবাদ শিরোনাম ::
এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলন
-
Reporter Name - আপডেট সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- ৩১৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























