সিএনএমঃ
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০ গোলচত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকাটির আশপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়ে এবং সাধারণ যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
Reporter Name 

























