যৌতুকের দাবীতে এক নারীকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে স্বামী শওকত হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইাব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ আদেশ দেন।আদেশ প্রদানকালে আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলী (৪৭) ও একই উপজেলার কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের নভেম্বর মাসে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিকরপাড়ার রইচউদ্দিনের ছোট মেয়ে নাছিমা খাতুনের সাথে একই উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। বিয়ের পর সুমাইয়া খাতুন ও সাব্বির হোসেন নামে দুটি সন্তান হয়। বিয়ের পর থেকে দ্ইু লাখ টাকা যৌতুকের দাবিতে শওকত হোসেন তার স্ত্রী নাছিমা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শওকতকে যৌতুক বাবদ এক লাখ টাকা দেওয়া হয়। এরপরও শওকত হোসেন ও তার স্বজনরা যৌতুকের বাকী এক লাখ টাকার দাবিতে নাছিমার উপর নির্যাতন বাড়িয়ে দেয়।
যৌতুকের টাকা দিতে না পারায় শওকত হোসেন ২০০৮ সালে শহরের কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে বিয়ে করে কুকরালি গ্রামে বসবাস শুরু করে। পরবর্তীতে প্রথম স্ত্রী নাছিমা ও তার দুই সন্তানকে নিয়ে শওকত হোসেন ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে আতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকতো। অধিকাংশ সময় শওকত তার দ্বিতীয় স্ত্রীর কাছে থাকতো। এ নিয়ে শওকত হোসেন, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, তার ভাই শফিকুল ইসলাম ও তাদের মা ছবিরণ খাতুন সম্মিলিতভাবে নাছিমাকে নির্যাতন শুরু করে। একপর্যায়ে শওকত হোসেন প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষন বন্ধ করে দেয়। বাধ্য হয়ে নাছিমা খাতুন তার স্বামী শওকত হোসেনসহ চারজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করে।
অভিযোগের শুনানীর জন্য ২০০৮ সালের ৩০ আগষ্ট দুপুর ১২টায় পৌরসভায় হাজির হতে বলা হয়। নোটিশ পাওয়ার পর শওকত হোসেন ও শফিকুল ইসলাম, হাসিনা খাতুন ও ছবিরণ বিবি যৌতুকের এক লাখ টাকা বাপের বাড়ি থেকে আনা ও পৌরসভা থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় ও অভিযোগ প্রত্যাহার করতে রাজী না হওয়ায় ২০১২ সালের ২৯ আগষ্ট রাত পৌনে ৮টার দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে আতিয়ার রহমানের বাড়ির ভাড়া বাসায় এসে শওকত, হাসিনা, শফিকুল ও ছবিরন ঘরের মধ্যে ঢুকে নাছিমাকে মারপিট শুরু করে। একপর্যায়ে ঘর থেকে বারান্দায় নিয়ে এসে নাছিমাকে মারপিটের একপর্যায়ে শফিকুল নাছিমার দুই হাত ধরে রেখে সারা গায়ে কেরোসিন ঢেলে দেয়। শওকত দেশলাইয়ের কাঠি দিয়ে নাছিমার ওড়না ও সালোয়াওে আগুন লাগিয়ে দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই নাছিমার মা রাবেয়া খাতুন বাদি হয়ে যৌতুকের দাবিতে মেয়েকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলা জামাতা শওকত হোসেন, জামাতার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলাম ও দ্বিতীয় শাশুড়ি ছবিরণ বিবিকে আসামী করা হয়। পরদিন পুলিশ শওকত হোসেনকে গ্রেপ্তার করে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাছিমা মারা যান। মৃত্যুর আগে তিনি ডাক্তার ও পুলিশের কাছে তার মৃত্যুর সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দেয়। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জুলফিকার আলী ২০১৩ সালের ১৮ জানুয়ারি এজাহারভুক্ত চার জনের নাম উল্লেখ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরবর্তীতে বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (নাঃ শিঃ ৬৩/১৩ সদর) পাঠানো হয়।
মামলার নথি ও সাতজন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন ও গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী শওকত হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে বিচারক মোঃ জাকারিয়া হোসেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদশে দেন। একইসাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই নারী আসামী হাসিনা খাতুন ও ছবিরণ বিবিকে বেকসুর খালাস দেন। আদেশ শোনার পর দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন।
আসামি শওকত হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. মোঃ আকবর আলী ও শফিকুলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আক্তারুজ্জামান। খালাসপ্রাপ্ত হাসিনা খাতুন ও ছবিরণ বিবির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড, জিয়াউর রহমান জিয়া। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো।
অ্যাড কামরুজ্জামান ভুট্টো বলেন, এ রায়ে তিনি খুশী। আসামীপক্ষ উচ্চ আদালতে গেলেও যদি এ রায় বহাল থাকে তাহলে তিনি আরো বেশি খুশী হবেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. মোঃ আকবর আলী বলেন, এ রায়ে তিনি খুশী হতে পারেননি। আদেশের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা শেষে উচ্চ আদালতে আপিল করা হবে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, বুধবার বিকেলে ফাঁসির আদেশ প্রাপ্ত দ্ইু আসামীকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 
























