সিএনএমঃ
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মিছিল, মানববন্ধন, আলোচনা সভা, ব্যবসায়ী সম্মেলন, বিজয় র্যালি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম। সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ওই দিন বাদ জোহর বেলা ১টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
একই দাবিতে ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে এবং ২৬ নভেম্বর জেলা সদরে সমাবেশ ও মিছিল করবে দলটি। ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা পর্যায়েও একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা এবং ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিরসন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।
ডিসেম্বর মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা। ১০ ডিসেম্বরের আয়োজনটি আইনজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর রাজধানীতে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালির আয়োজন করা হবে। ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।
কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























