সিএনএমঃ
গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতারকৃত ৬ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠায়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকার মিছিল থেকে পুলিশ ওই ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান ও রমজান আলীর ছেলে হৃদয় খান।
শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকার মিছিল বের করেন। এ সময় তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন ধরনের কটূক্তিমূলক শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৬ জনকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করা হয়েছে। আটকদের সন্ত্রস দমন আইনে দায়ের করা পুরন মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Reporter Name 
























