স্কুলশিক্ষার্থীদের ক্লাস থেকে ডেকে এনে ইউনিফর্ম পরা অবস্থায় তাদের নিয়ে রাজনৈতিক মিছিল ও শোডাউনে অংশ নিতে দেখা গেছে আশুলিয়ার এক আওয়ামী লীগ নেতাকে।
শনিবার (৪ জুন) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলের ভেতর স্বেচ্ছাচারিতা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়হীনতার কারণে মাঠের কর্মীদের থেকে এখন অনেকটাই বিচ্ছিন্ন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার। তাই নেতাকর্মীদের সমর্থন হারিয়ে এখন স্কুলের ছাত্রদের ডেকে এনে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল ও কর্মীদের নিয়ে শোডাউন করতে দেখা যায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশুলিয়া থানা আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় স্কুলছাত্রদের নিয়ে শোডাউন করছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার। তার শোডাউনের প্রত্যেকেই ছিল স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায়। ২৫-৩০ জন স্কুলছাত্রকে তার পেছনে মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেলেও সেখানে তেমন উপস্থিতি ছিল না দলীয় কর্মীদের।
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে স্কুলছাত্রদের নিয়ে থানা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন আমজাদ হোসেন সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, থানা আওয়ামী লীগের সদস্য ইমরান হোসেন শাজাহান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কুসুম মোল্লা।
শনিবার আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি সফল হলেও ফেসবুকে স্কুলছাত্রদের নিয়ে এক আওয়ামী লীগ নেতার শোডাউনের ভিডিও ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন থানা আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে এখন সমালোচনা ও তোলপাড় শুরু হয়েছে দলীয় নেতাকর্মী ছাড়াও নেটিজেনদের মধ্যে।
স্কুলছাত্রদের নিয়ে কর্মসূচিতে শোডাউনের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার বলেন, তারা আমার লোক নয়। আমার এলাকার কোনো স্কুলে এমন ইউনিফর্ম নেই। মিছিলে আমার পেছনে থাকা ছেলেগুলো (শিক্ষার্থী) আমার নয়।
এ বিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। তবে স্কুলপড়ুয়া ছাত্রদের মিছিলে আনা সম্পূর্ণ নিষেধ। আমরা কলেজের নেতাদেরও কর্মসূচিতে অনুমতি দিই না।
এ ব্যাপারে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, স্কুল থেকে ছাত্রদের নিয়ে এসে এ ধরনের শোডাউন করা কখনই উচিত নয়। দলের ইমেজ ক্ষুণ্ন করতেই এমনটি করা হয়েছে। এ ঘটনা আমরা খতিয়ে দেখব।
Reporter Name 

























