রেলওয়েতে বিনা টিকিটে রেলে ভ্রমণ ঘটনায় আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম যোগদানের প্রথম দিনেই জরিমানা হিসাবে সরকারের কোষাগারে জমা দিলেন প্রায় ৩০ হাজার টাকা। বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পরেও জরিমানা আদায় করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন এই আলোচিত টিটিই।
গতকাল মঙ্গলবার (১০ মে) ঈশ্বরদী স্টেশন থেকে ১১.৫৫ মিনিটে তিনি খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনে কাজে যোগদান করেন টিটিই শফিকুল ইসলাম। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা নামে এই ট্রেন চিলহাটি পৌঁছে বিকেল ৫.৪৫ মিনিটে। যোগদানের ৬ ঘণ্টার মধ্যে তিনি বিনাটিকেটে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা আদায় করেন প্রায় ৩০ হাজার টাকা। মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে তিনি পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করি। আমার সঙ্গে আরও তিনজন দায়িত্ব পালন করছেন। বর্তমানে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি আছি। ট্রেনটি অনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী পৌঁছাবে। এর মধ্যে আসার পথে ৩০ হাজার টাকা জরিমানা করেছি। চিলহাটি থেকে রওনা হয়েছি, আসার পথে কী হবে জানি না। তবে সাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞ। ট্রেনের সকল যাত্রী আমাকে বেশ ভালোভাবে নিয়েছে। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সাংবাদিক ভাইদের আজীবন মনে রাখব।
গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে রেলমন্ত্রী ও তার স্ত্রীকে নিয়ে।
এই ঘটনায় শনিবার দ্রুত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাচাই বাছাই না করেই তাকে বরখাস্ত করাটা ঠিক হয়নি জানিয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে রোববার দুপুরে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। ১১ মে পর্যন্ত তদন্ত কমিটির সময় বৃদ্ধি করা হয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
Reporter Name 

























