সিএনএম প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী। এ সময় হোটেল থেকে ১২ নারী ও ১৪ পুরুষকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় অবস্থিত হোটেল শীতলক্ষ্যা আবাসিকে (সাবেক সাজেদা হাসপাতাল) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটিতে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে ৪০ থেকে ৫০ জন এলাকাবাসী সেখানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে ভাঙচুর চালান।
পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী আটক ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উত্তেজিত জনতা হোটেলটির ব্যবস্থাপক মিঠুকে মারধর করে বলেও জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন আগেই অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসাইন-এর নেতৃত্বে একই হোটেলে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকজন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি হোটেলটি সিলগালা করা হয়। কিন্তু এক মাস না যেতেই কীভাবে আবার সেখানে একই ধরনের কার্যক্রম শুরু হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।
তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারি ও সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া সিলগালা করা একটি হোটেলে পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ নারী ও ১৪ পুরুষকে থানায় নিয়ে এসেছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















