সিএনএমঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর যাত্রী ছাউনিসংলগ্ন এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ সেলিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক সেলিম উদ্দিন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদারপাড়ার মো. বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মো. ইছাব্বর আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী গয়েশপুর যাত্রী ছাউনিসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
জীবননগর শহরের দিক থেকে সীমান্তের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের গতিরোধ করেন বিজিবি সদস্যরা। পরে সেলিম উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়।
তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ৫৭৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান বলেন, সোমবার (১২ অক্টোবর) সকালে আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Reporter Name 
























