সিএনএমঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার বেশি মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কারখানাটিতে মিন্টু খান (৩৮) ও মুন্না ইসলাম (২১ নামে দুই যুবককে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ রিপোর্ট (সন্ধ্যা ৬টা) লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আবদুল বারিক।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি কারখানা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। যা তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতারণার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির দুটি মেশিন ও কয়েক কোটি টাকার মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা খুঁজে পেয়েছি। এখানে বড় বড় দুটি মেশিন দিয়ে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিন দিয়ে তৈরি করা হচ্ছিল। আমরা কারখানাটিতে এসে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকার মূল্যের পর্যন্ত রেভিনিউ সিল এবং ১০, ৫০, ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার স্ট্যাম্প পেয়েছি। কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজের সঙ্গে আর কারা জড়িত তা বের করা হবে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত বলা যাবে। এ অভিযান এখনো (সন্ধ্যা ৬টা) চলমান রয়েছে।