সিএনএমঃ
মিয়ানমার থেকে সাগরের পথে পাচারের সময় বাংলাদেশ কোস্ট গার্ড দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট এবং বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে।
শুক্রবার ( ১২ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। এসব সিমেন্টের মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
একই রাতের মধ্যরাতে, সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সাগর এলাকায় কোস্ট গার্ড একই ধরনের আরেকটি অভিযান চালায়। সেখানে সন্দেহজনক আরেকটি ফিশিং বোট থেকে ১ হাজার ২০০ পিস বার্মিজ লুঙ্গি উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এসময় ১১ জন মিয়ানমার নাগরিক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Reporter Name 















