রাজধানীর মিরপুরের ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি-৪)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।
এসআরবি জানায়, গ্রুপটি অপরাধীদের ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতো।
গ্রেফতাররা হলেন- শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫), মো. সৌরভ বেপারী (১৯)।
হাফিজুর রহমান বলেন, রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার বহুল আলোচিত ‘ফোর স্টার গ্রুপ’র সদস্যদের উৎপাত এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শোডাউনের ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বিকেলে এসআরবি-৪ এর আভিযানিক দল পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী আসামি শেখ ওসমান গনি সোহাগকে গ্রেফতার করে।
সোহাগকে জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে এই কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে ফোর স্টার গ্রুপের সদস্যরা রাজধানীর পল্লবী, মিরপুর, শাহআলী, কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। এছাড়াও তার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তারের জন্য মহড়া শো-আপ করতো এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো।
সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শিয়ালবাড়ি কবরাস্থানের আশপাশে গত ২৩ নভেম্বর এসআরবি-৪ গোপন সংবাদে জানতে পারে, রূপনগর এলাকায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৭ থেকে ৮ জনের একটি দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। তৎক্ষণাৎ আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এসআরবি-৪।
তাদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল।
গ্রেফতাররা ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলেও জানান হাফিজুর রহমান।
Reporter Name 























