সিএনএমঃ
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
মামলাটি করেন রাজধানীর পল্লবীর ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় তিনি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী, পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা দেওয়া হয়নি।
পরে ওই টাকা ফেরত দেওয়ার জন্য ৭৫ লাখ টাকার একটি চেক দেন বিদিশা। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চেয়ে যোগাযোগ করলে বাদীকে হুমকি দেওয়া হয়।
Reporter Name 
























