সিএনএমঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার (১৪ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, বাজি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য।
এছাড়া সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির দিকে যাওয়ার সড়কের বাজারের মাঝখানে মো. হাবিবুর রহমানের একটি গোডাউনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দ করা চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার ৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে আমাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Reporter Name 
























