সিএনএমঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় গোপনে ৬টি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মন ঘোড়ার মাংস জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন— আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায় বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬টি জবাইকৃত ঘোড়া ও বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী বলেন, বাজার থেকে কেনা মাংস আসলে কোন প্রাণীর তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা প্রশাসনের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।