তুই ফুল হয়ে আয়
—- নুরুন্নবী সোহেল
রাতের গভীরতম শিরায়
যেখানে সময় থমকে দাঁড়িয়ে থাকে
এক ফোঁটা রক্তের শব্দ হয়ে।
শহীদের বেদী মানে শুধু পাথর নয়
ওখানে মাটির ভেতর
ঘুমিয়ে আছে
অক্ষরের উষ্ণ শ্বাস,
মায়ের ডাকা নাম,
অপূর্ণ একটি ভোর।
রাত প্রহরে ফুল নেবে ওরা
তুই ফুল হয়ে আয়,
নিঃশব্দ সাদা পাপড়ি হয়ে
রক্তাক্ত বর্ণমালার পাশে শুয়ে থাক।
খালি পায়ে আয়
মাটি যেন চিনে নেয় তোর তাপ,
ধীর পায়ে আয়
প্রতিটি পদক্ষেপ হোক
শিরার ভেতর বয়ে যাওয়া শপথের মতো।
তুই আয়,
এই বেদীতে দাঁড়িয়ে
নিজের ভিতরের অন্ধকারটুকু রেখে যা,
আর নিয়ে যা
এক মুঠো লাল-সবুজ ভোর।।