এম জে রহমানঃ
রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
কাজী নজমুজ্জামান বলেন, ১৩ তলা ভবনের ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস। এই ভবনের ৬ তলায় ব্যাগ তৈরি করে। সেখানে ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। আমরা ৫ মিনিটে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা আবাসিক ভবন, সেহেতু আমরা ঝুঁকি অনুযায়ী সঙ্গে সঙ্গে আরও ইউনিটকে আসার জন্য ম্যাসেজ দেই। কারণ, ওপরে অনেকেই আটকা থাকতে পারে। আমাদের অন্য টিম দ্রুত সময়ে রেসপন্স করে এবং ঘটনাস্থলে আসার কিছুক্ষণের ভেতর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনটা অন্য কোনো দিকে আর ছড়াতে পারেনি।