সড়কপথ ও রেলপথের মতো আকাশপথের টিকেটও শেষ। অনেকেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট কিনতে চেয়েও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকে। ঢাকা থেকে সৈয়দপুর ২৯ এপ্রিলের টিকেটের দাম ৫০০০ টাকা। অথচ ৭০০০ টাকা অফার করে টিকেট না পেয়ে বাসের টিকেট কিনেছেন ব্যবসায়ী জসিম মিয়া।
এয়ারলাইন্সগুলো বলছে, ঈদের সময় এমনিতেই স্বাভাবিক সময়ের চেয়ে চাপ বেশি থাকে। প্লেনের টিকেট সীমিত। রোজার আগে থেকে ঈদের টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি এয়ারলাইন্সের ৯৫ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। কমমূল্যের টিকেট শতভাগ বিক্রি হয়ে গেছে আরও ১০ দিন আগেই। যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটের টিকেটের চাহিদা বেশি। একাধিক রুটের কোনো টিকেট নেই। অল্প কিছু উচ্চ মূল্যের টিকেট আছে।
তারা বলছেন, উড়োজাহাজের নিয়ম হচ্ছে, আগে আসলে কমে পাবেন। শেষ সময়ে কিনতে চাইলে বেশি দামে কিনতে হবে। অল্প মূল্যের টিকেট পেতে আগেভাগে টিকেট কাটার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্সগুলো। পাশাপাশি চাহিদা বেশি থাকায় অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে।
এয়ারলাইন্সগুলো বলছে, লম্বা ছুটি পেয়ে করোনার কারণে গত দুবছর যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাননি, তারাও এ বছর এ সুযোগ কাজে লাগাচ্ছেন। ঈদে গ্রামের বাড়ি যাওয়ার পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাওয়ার জন্য এ বছর প্লেনের টিকেটের ওপর বাড়তি চাপ পড়েছে।
এ বছর ঈদ হতে পারে ৩ মে। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো আছে ২, ৩ ও ৪ মে। এ ছুটি শুরুর আগে দুদিন সাপ্তাহিক বন্ধ। এ কারণে ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল। এ ছাড়া ১ মে শ্রমিক দিবসের বন্ধ থাকায় সেই ছুটিও এর সঙ্গে যোগ হতে যাচ্ছে। ফলে ঈদের ছুটিতে দূরে কোথাও যেতে চাওয়া লোকজন উপভোগের জন্য ছয়টি দিন পাবেন। এই ছুটির পর ৫ মে বৃহস্পতিবার। আর ৬ ও ৭ মে সাপ্তাহিক বন্ধ। কেউ বৃহস্পতিবার ছুটি নিলে আরও তিন দিন অতিরিক্ত ছুটি কাটানোর সুযোগ পাবেন। সেক্ষেত্রে তিনি ঈদের ছুটি উপভোগ করতে পারবেন ৯ দিন।
ঈদের আগে আকাশপথে যাত্রী চাপের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সময়ের আলোকে বলেন, আমাদের টিকেট বিক্রি অলমোস্ট শেষ। ২০-২১ রোজার পর সাধারণত টিকেট থাকে না। উচ্চমূল্যের অল্প কিছু টিকেট আছে। তিনি জানান, পাশাপাশি শেষমুহূর্তে যারা টিকেট কিনবেন তাদের বাড়তি টাকা দিয়েই কিনতে হবে। অতিরিক্ত চাহিদার কথা ভেবে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। যাত্রীদের উচিত আগে টিকেট কেনা।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটও ৯০ থেকে ৯৫ শতাংশ বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) শফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, স্বাভাবিকভাবেই ঈদের সময় সব রুটে টিকেটের চাপ থাকে। চাপ সামাল দিকে এবারও নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিটি রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মেজবাহ-উল-ইসলাম সময়ের আলোকে বলেন, স্বাভাবিকভাবে ঊদের সময় টিকেটের চাহিদা বেশি থাকে। রোজার শুরুতে ২২টি ফ্লাইট পরিচালনা করা হতো। চাহিদা বেশি থাকায় ঈদের সময় ২৮টি ফ্লাইট পরিচালনা করা হবে। আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। লো প্রাইজের কোনো টিকেট নেই। জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় টিকেটের দাম কিছুটা বেড়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সময়ের আলোকে বলেন, যাত্রীদের ঈদযাত্রা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রেখে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শিডিউল যেন ঠিক থাকে, এয়ারলাইন্সগুলোকে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন প্রতিদিন অভ্যন্তরীণ রুটে প্রায় ১৩০টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্রায় ৮ হাজার যাত্রী আসা-যাওয়া করছেন। ঈদের সময় যাত্রী আরও বাড়বে।
ঈদের ছুটিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফ্লাইট চালাবে এমিরেটস : ঈদের ছুটিতে যাত্রী চাহিদা পূরণে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। মধ্যপ্রাচ্যের ৬০টি গন্তব্যে অতিরিক্ত ২৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানায়, ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এই ফ্লাইটগুলো চলাচল করবে। এ ছাড়া ক্যাপাসিটি বৃদ্ধির জন্য কয়েকটি রুটে সুপরিসর এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। যেসব গন্তব্যে এ সুবিধাগুলো পাওয়া যাবে, তার মধ্যে ৪টি সৌদি আরবে এবং বাকিগুলো কুয়েত, বৈরুত ও আম্মানে। ২ ও ৮ মে রিয়াদে দুটি অতিরিক্ত ফ্লাইট চলাচল করবে। জেদ্দায় বোয়িং ৭৭৭-এর সাহায্যে অতিরিক্ত ৫টি ফ্লাইট পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে পরিচালিত সব ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে এয়ারবাস এ৩৮০। মদিনায় অতিরিক্ত ৪টি ও দাম্মামে একটি অতিরিক্ত ফ্লাইট থাকবে। অতিরিক্ত ফ্লাইটের সংখ্যা কুয়েতে হবে ৮টি ও বৈরুতে ৩টি। আম্মানে অধিকতর যাত্রীবহন ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজে ফ্লাইট পরিচালিত হবে। ২-৫ মে দুবাই এবং জিসিসি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে পরিচালিত সব ফ্লাইটের যাত্রীদের জন্য এমিরেটস ঈদের ঐতিহ্য এবং মধ্যপ্রাচ্যের আতিথেয়তার সংমিশ্রণে বিশেষ খাবার মেন্যু অফার করবে।
এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা বিশ্বের প্রায় ১৩০টি গন্তব্যে ভ্রমণের জন্য দুবাই থেকে সুবিধাজনক সংযোগ পেয়ে থাকেন।