মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চট্টগ্রাম স্টেশনে ভিড় বাড়ছে টিকিটপ্রত্যাশীদের

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১.১০ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামে টিকিটপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। অনেককে দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রত্যাশিত টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। আজ সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৯ এপ্রিলের ট্রেনের টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, অন্য দিনের তুলনায় আজ চট্টগ্রামে টিকিটপ্রত্যাশী যাত্রীদের চাপ বাড়ছে। তবে ঢাকার মতো নয়।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। এসব ট্রেনে সব মিলে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হবে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

স্টেশন ম্যানেজার বলেন, টিকিটের কালোবাজারি এড়াতে যাত্রীদের এনআইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। এনআইডি দেখিয়ে টিকিট নিতে হচ্ছে। টিকিটের কার্যক্রম সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনে পুলিশ, আরএনবিসহ নিরাপত্তা বাহিনী সদস্যরা কাজ করছেন।

তিনি বলেন, যাত্রার দিন ঢাকামুখী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি যোগ করার চেষ্টা করা হবে।

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে এসেছিলেন মোহাম্মদ সোহেল। কিন্তু ২৯ তারিখের টিকিট পাননি তিনি। ঢাকা পোস্টকে সোহেল মাহমুদ বলেন, কাউন্টারে পৌঁছার আগেই শুনি ট্রেনের টিকিট শেষ। দুই ঘণ্টার মতো দাঁড়িয়ে থেকেও টিকিট পেলেম না। আগামীকাল আবারও চেষ্টা করব।

এবার ট্রেনের টিকিটপ্রত্যাশী নারী যাত্রীদের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। তবে সেই কাউন্টারে ধীরগতিতে টিকিট দেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সকাল সাড়ে ১০টার দিকে টিকিটপ্রত্যাশী শারমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, স্টেশনের ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু নারীদের থেকে রেলওয়ে পাসের টিকিট বেশি দেওয়া হচ্ছে। ফলে টিকিটের লাইন এগুচ্ছে না। তাই ভোর ৬টায় এসেও সাড়ে ১০টা পর্যন্ত কাউন্টারের কাছে পৌঁছাতে পারিনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বর কাউন্টারে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com