উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। এ সময় ঘোষিত বিভিন্ন কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে চুয়েটের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এ পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। কিন্তু সংকট সমাধানে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
তিনি আরও বলেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
Reporter Name 























