সিএনএম প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিস্কুটের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা পাচারের সময় ৪ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১১।
সোমবার (০২ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তিশা পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে সন্দেহজনক একজন মহিলাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর প্রধান কার্যালয় থেকে অপস্্ অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মূলে এসআরবি-১১ নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি একটি চৌকস দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেসে থাকা সন্দেহজনক একজন মহিলাকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ তার সাথে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে প্যাকেটের ভিতর হতে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আকলিমা (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর এলাকার রাজেশ সিকদারের স্ত্রী।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 


















