মাসুদ রানা বকুলঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম রব্বানী প্রধান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
গত ১ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে গোলাম রব্বানী প্রধানকে মনোনীত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নূরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্য সচিব ও পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়।
বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
সরকার দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি গঠন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
নতুন এ কমিটি সরকারের এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবনিযুক্ত সভাপতি গোলাম রব্বানী প্রধান বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সরকার শিক্ষার মান উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে একাত্ম হয়ে বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
Reporter Name 
























