সিএনএমঃ
সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আনন্দ র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল।
এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুন্দর জাতি গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন।
এসময় বক্তারা শিক্ষার সার্বিক মান উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের নিয়মিত বিষয়ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানাগার ও লাইব্রেরি সমৃদ্ধ করতে হবে। মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে সৃজনশীল, গবেষণাধর্মী ও নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
Reporter Name 
























