সিএনএমঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, ‘বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিলো যেন প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে। নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি।’
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হলে বা পর্যাপ্ত প্রণোদনা না থাকলে কোনো জাতিই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারে না।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে নানা উদ্যোগ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কথা বলেছেন। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হলে পরিবার, সমাজ ও রাষ্ট্সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।
শিক্ষায় যথাযথ প্রণোদনা ও বিনিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষাকে ধ্বংস করলে জাতি কোনোভাবেই এগিয়ে যাবে না।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
Reporter Name 























