সিএনএমঃ
মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা হতে আনুমানিক ০২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের ০৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এসময় টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ০৭ (সাত) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার টাকা), সহ ০২ (দুই) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। ইয়াসিন (৫৫), পিতা-ছোলেমান, সাং-চৌয়ারা ধনপুর ও ২। আব্দুল আলীম (৪৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-ধনাইতরী, উভয় থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 
























