যুবককে জিম্মি করে নির্মম নির্যাতন ও ২ লাখ টাকা চাঁদা দাবি: ছাত্রদল নেতা জিহাদসহ ৭ সন্ত্রাসী গ্রেফতার।
সিএনএমঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এক দিনমজুর যুবককে নির্মমভাবে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অমানুষিক নির্যাতন ও লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুর ইসলাম জিহাদসহ (২৬) এক সংঘবদ্ধ অপরাধী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় অপহৃত ভুক্তভোগী যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
৪ আগস্ট (মঙ্গলবার) বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি চাঁদাবাজি ও অপহরণ মামলা (মামলা নং-১১) দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সি-আই খোলা এলাকায় এই চক্রের অপতৎপরতা দীর্ঘদিন ধরেই চলছিল।
ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) সিদ্ধিরগঞ্জপুল এলাকায় বসবাস করেন এবং দৈনিক মজুরিতে ঢালাই মেশিনের ক্রেন চালকের কাজ করেন।
গত ৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সি-আই খোলা বউ বাজার এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা জিহাদ ও তার সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নেয়।
এরপর রাত ১১টার দিকে সি-আই খোলা মোড়ের পূর্ব পাশে এক মসজিদের সংলগ্ন একটি বিএনপির অফিসে নিয়ে তাকে অবরুদ্ধ ও জিম্মি করে ফেলা হয়।
আটকে রাখার পর সন্ত্রাসী চক্রটি লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দিনমজুর রফিকুল এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন।
তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়।
একপর্যায়ে রফিকুলের পকেটে থাকা নগদ ৫,৩৬০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় আসামিরা।
শুধু এতেই ক্ষান্ত না হয়ে, দাবিকৃত ২ লাখ টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেওয়ার চরম হুমকি দেওয়া হয়।
পরদিন ৪ আগস্ট সকাল ৮টার দিকে জীবন বাঁচানোর তাগিদে চতুরতার আশ্রয় নেন রফিকুল।
নিজের মোবাইল থেকে চাচা মো. হাদিসকে ফোন করে বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠাতে বলেন।
ঘটনা বুঝতে পেরে রফিকুলের চাচা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশের সাহায্য চান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিলম্ব না করে তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতা চালিয়ে সি-আই খোলা মোড় এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
সেখান থেকে রক্তাক্ত অবস্থায় রফিকুলকে উদ্ধার এবং মূল হোতা জিহাদসহ ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও ২-৩ জন দুষ্কৃতকারী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ জাহিদুর ইসলাম জিহাদ (২৬)
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (১ নং ওয়ার্ড, সিআইখোলা এলাকা)
২. মোঃ রমজান আলী (২৩)
৩. মোঃ আল আমিন (২২)
৪. মোঃ গোলাম কিবরিয়া
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপরাপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাসীমুক্ত করতে পুলিশের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়।
Reporter Name 
























