সিএনএমঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার। কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত ২৬ জুন সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে। ্নএ য়ে তদন্ত শুরু করে পুলিশ।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য মোক্তার হোসেন (৪৮) মমিনুর রহমান ওরফে লিটন (৪২) আলাউদ্দিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ২ টি প্রাইভেটকার ও ১ টি মাইক্রোবাস।
পুলিশ জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্র এবং চক্রের সদস্যরা বিভিন্ন সময় গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।