সিএনএমঃ
চায়না প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাইসেন্সধারি ব্যক্তিদের চারটি অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার করেছে লুট হওয়া ২টি শর্ট গান, ১টি এয়ার গান, শর্ট গানের ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, ১টি ওয়াকিটকি সহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম।
বুধবার ( ২৪ জুন) ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত রাজধানির ভাটারা, বাড্ডা ও বনানি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার সহ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
পুলিশ ও ভুক্তভোগিরা জানান, সংঘবদ্ধ একটি প্রতারক ও অস্ত্র ছিনতাইকারী চক্র চায়না প্রতিষ্ঠান সহ ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা রক্ষী হিসেবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেয়। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অস্ত্রের লাইসেন্সধারী চারজন ব্যক্তি পৃথকভাবে তাদের অস্ত্র নিয়ে বিজ্ঞাপণদাতাদের সঙ্গে দেখা করেন।
পরে প্রতারক চক্রটি তাদেরকে ভুয়া নম্বর প্লেটের হাইয়েস গাড়িতে তুলে চোখে মুখে মরিচের গুঁড়ো দিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর তাদের রূপগঞ্জের ১ শ’ ফুট ও ৩ শ’ ফুট সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় অস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত এমন ৪টি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় ৩টি ও ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ৪টি মামলা হয়। পরে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোর থেকে রাজধানির কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, শর্ট গানের ৩৮ রাউন্ড গুলি সহ অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।