সিএনএমঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলোতে কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন চালকরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে রওনা হয়। দুপুরে পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো।
এ সময় ট্রলার নিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করেন চালকরা। তবে ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠেন।
নৌ-পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল বলেন, চালকরা সাঁতরে তীরে ওঠায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।