চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে মারা যাওয়া ফায়ার ফাইটার রানা মিয়ার (২২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
রানা মিয়া শিবালয় উপজেলার নবগ্রামের পান্নু মিয়ার বড় ছেলে। মা ছাড়াও তার ছোট এক ভাই ও বোন রয়েছে। তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন।
শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মারা যান তিনি। মরদেহ শনাক্তের পর আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ শিবালয়ে আনা হয়। এ সময় তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।
দাফনের সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমান ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শহিদুল ইসলাম।
Reporter Name 

























