বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে প্রতিটি শিশু ৫০ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নেয়। সরকারের খয়ের খাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত। বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে তারা। যতবেশি ঋণ আনা হচ্ছে, তত টাকা পাচার হচ্ছে। আর্থিকভাবে তত আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ঋণের বোঝা মাথায় নিচ্ছি। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার দায়ী।
শনিবার (১৪ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বাসভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, শুনেছি নতুন করে থানা ও পৌর কমিটিতে আওয়ামী লীগ নেতারা দায়িত্ব নিচ্ছেন। যিনিই দায়িত্বে আসেন, কৈফিয়ত কিন্তু দিতে হবে। পরে যদি এসে বলেন শেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, আপনার কোন অপরাধ নেই, এতে লাভ হবে না। কতজন খুন-হয়েছে, গুম হয়েছে সব মনে আছে। কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকার এখন বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য অনুরোধ করছে। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী বিএনপি নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের আয়োজন করতে হবে। তাহলেই জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলে পাল্টা জবাব দেওয়া হবে।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, হারুনুর রশিদ বেপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, এবিএম জিলানী, কামরুজ্জামান সোহেল, কৃষক দলের নেতা শাহ মোহাম্মদ এমরান, স্বেচ্ছাসেবক দলের নেতা হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
Reporter Name 

























