সিএনএমঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ৫টি ভারতীয় মোবাইল ফোনের অবৈধ ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার( ২৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কর্দমাক্ত এলাকা ও জঙ্গলের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লের একটি চালান উদ্ধার করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় মোট ৫ হাজার ৫টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
২৫ বিজিবির তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে মাদকসহ মোট ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জনকে আটক করা হয়েছে।
Reporter Name 
























