সিএনএমঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) ভোর রাতে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
অভিযানটিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানা। এছাড়া অভিযানে ১০ সদস্যের একটি বিজিবি দল অংশ নেয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানের মাধ্যমে অবৈধ পণ্য প্রবেশ রোধ করে সরকারের রাজস্ব ক্ষতি ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
Reporter Name 














