সিএনএম ডেস্কঃ
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে ঘিরে চিলির ফুটবলে তৈরি হয়েছে নতুন নজির। ৪০ বছর বয়সী এই তারকা জার্সিতে নিজের আসল নামের পরিবর্তে জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের বিশেষ অনুমোদন পেয়েছেন।
চিলির শীর্ষ ফুটবল লিগের আয়োজক সংস্থা এএনএফপি সর্বসম্মতিক্রমে ভোজিনহাকে তার পরিচিত ডাকনামটি জার্সিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে দেশটির প্রচলিত জার্সি-সংক্রান্ত নিয়মেও এসেছে ব্যতিক্রম।
চিলির বিদ্যমান নিয়ম অনুযায়ী, এত দিন খেলোয়াড়দের জার্সিতে বাধ্যতামূলকভাবে পারিবারিক নাম বা সারনেম ব্যবহারের বিধান ছিল। তবে ভোজিনহার ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করা হয়েছে।
ভোজিনহার পুরো নাম জসিমার হোসে এভোরা দিয়াস। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি ‘ভোজিনহা’ নামেই বেশি পরিচিত। তাকে চিলির ফুটবলে নিয়ে আসতে একাধিক শীর্ষ ক্লাবের নীতিনির্ধারকেরা লিগ কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমোদনের আবেদন জানান।
জার্সিতে নাম ব্যবহারের জটিলতা কাটলেও চিলির অন্যতম সফল ক্লাব কোলো-কোলোতে ভোজিনহার যোগদান নিয়ে এখনো অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
প্রায় এক সপ্তাহ আগে কোলো-কোলো ভোজিনহাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সাইনিং হিসেবে ঘোষণা করে। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার তার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল। পরে ভিসা জটিলতার কারণে সেই সময় পিছিয়ে বৃহস্পতিবার করা হয়।
তবে শেষ মুহূর্তে ফ্লাইটে ওঠেননি কেপ ভার্দের এই গোলরক্ষক। এতে তার সঙ্গে কোলো-কোলোর চুক্তি ভেস্তে গেছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।
তবে চুক্তি ভেঙে যাওয়ার খবরকে ভুল প্রমাণ করে কোলো-কোলোর ডিরেক্টর হাইমে পিসারো জানান, চুক্তি বাতিল হয়নি। মূলত ভোজিনহার এজেন্ট জরুরি কিছু ‘ব্যক্তিগত সমস্যা’ সমাধানের জন্য বাড়তি কিছুটা সময় চেয়েছেন।
এন্এনএফপির বৈঠকের ফাঁকে কোলো-কোলো সভাপতি আনিবাল মোসা স্বীকার করেন, অফিশিয়াল চুক্তিপত্রে এখনো তার সই করা বাকি। চিলিয়ান গণমাধ্যমের গুঞ্জন আছে, জার্সিতে নিজের পছন্দমতো ডাকনাম লেখার সুযোগ পাওয়ার বিষয়টিই ছিল ভোজিনহার অন্যতম বড় শর্ত!
পুরো ঘটনা বেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন কোলো-কোলোর প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ। তিনি জানান, গোলরক্ষকের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।
Reporter Name 














