সিএনএমঃ
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (২৭ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটারদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন বলেও জানা গেছে।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।
পরে পালিয়ে যাওয়ার সময় তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় পাঁচজনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও সাত থেকে আটজনের সংশ্লিষ্টতার কথাও বলা হয়।
Reporter Name 

























