বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বেশকিছু পদে এবার পদোন্নতির জট খুলতে যাচ্ছে। পুলিশের প্রায় ৩৪ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার ডিআইজি পদে পদন্নোতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এ ছাড়া চলতি মাসে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার অন্তত ১২০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়ারও প্রক্রিয়া চলছে।
পুলিশ সদর দফর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের’ (এসএসবি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রেড-৩ পদমর্যাদার ডিআইজি পদে পুলিশের ৩৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবারের ওই সভায় মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান বলেন, ‘জেনেছি, এ বিষয়ে আজ (মঙ্গলবার) ‘এসএসবি’ সম্পন্ন হয়েছে। তবে জিও (সরকারি আদেশ) জারি হয়নি, যেকোনো সময় হবে। আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে তারপর জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ডিআইজি পদে পদোন্নতির পরপরই অতিরিক্ত ডিআইজি পদেও বড় ধরনের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভাগীয় পদোন্নতি কমিটি বা ডিপার্টমেন্টাল প্রমোশনাল কমিটির একাধিক বৈঠকে পুলিশের এসপি পদমর্যাদার অন্তত ১২০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। ডিআইজি পদে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেকোনো সময় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, সুপারিয়র সিলেকশন বোর্ড সাধারণত গ্রেড-৩ থেকে গ্রেড-২ পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত দায়িত্ব পালন করে থাকে। এ ছাড়া ডিপার্টমেন্টাল প্রমোশনাল কমিটি গ্রেড-৯ থেকে গ্রেড-৪ পর্যন্ত পদোন্নতির দায়িত্ব পালন করে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সময়ের আলোকে জানান, অতিরিক্ত ডিআইজি পদের বেশকিছু কর্মকর্তার ডিআইজি পদে পদোন্নতি নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও সেটি নানা কারণে বিলম্ব হচ্ছিল। তবে সর্বশেষ মঙ্গলবার এ বিষয়ে পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। অপরদিকে এসপি পদমর্যাদার বেশকিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরেই পদোন্নতির জটিলতায় ঝুলে আছেন।
এর মধ্যে ১৮তম, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাও রয়েছেন। অথচ ২০তম বিসিএসের অনেক কর্মকর্তা আরও কিছুদিন আগেই অতিরিক্ত ডিআইজি হয়েছেন। এর ফলে একই ব্যাচের কর্মকর্তা হয়েও পদে ‘সিনিয়র-জুনিয়র’ হওয়ায় অনেকটা অস্বস্তি বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে। নতুন করে ওইসব পদোন্নতি হয়ে গেলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলেও মন্তব্য করেন পুলিশ সদর দফতরের একাধিক কর্মকর্তা।