কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে এসেছে মালয়েশিয়াগামী একটি ফিশিং ট্রলার। ট্রলারটি থেকে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছেন। তাদের বেশির ভাগই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ট্রলারটি সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসে। এ সময় ট্রলারে থাকা যাত্রীদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁদের সহযোগিতায় পুলিশ ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৭২ জন যাত্রী ছিলেন। তাদের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু দালালচক্রের নিয়ন্ত্রণে ছয় দিন সাগরে থাকার পর যাত্রীরা ট্রলারটি নিয়ে পালিয়ে আসেন। লাবণী পয়েন্টে পৌঁছানোর পর ট্রলারে থাকা অনেকেই নেমে বিভিন্ন দিকে চলে যান। পরে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে।
মানবপাচার চক্রের ভয়াবহ তৎপরতা এবং সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আবারও সামনে এসেছে। ৭২ জন যাত্রী নিয়ে যাত্রা করা ট্রলার থেকে বাকি ব্যক্তিরা কোথায় গেছেন, তাঁদের কী হয়েছে এবং এ ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য এবং ট্রলারের মালিক ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
Reporter Name 
























