বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ প্রস্তুত। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভারতের মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা দখলের হুমকির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন, আর আমাদের দেশের জনগণ আমলকী চুষতে থাকবে? বাংলাদেশের মানুষ কি বসে বসে আমলকী চুষবে? এই দেশ একটি গর্বিত ও অহংকারের দেশ। যারা নিজের রক্ত দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে।’
তিনি বলেন, ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন এবং দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা, নিজস্ব পতাকা ও সার্বভৌম ভূখণ্ড অর্জন করেছে।
রিজভীর ভাষায়, ‘আমাদের অহংকারের জায়গা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমাদের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’
পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নিম্নপর্যায়ের কোনো কর্মী এ ধরনের বক্তব্য দিলে হয়তো বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হতো। কিন্তু একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি যখন বাংলাদেশের ভূখণ্ড দখলের মতো হুমকি দেন, তখন তা অবশ্যই প্রতিবাদের দাবি রাখে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। দেশের মানুষ নিজেদের স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 























