মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক প্রতারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত ‘পল্টন টাওয়ার’-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।
এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের এক রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Reporter Name 
























