রাজন্য রুহানিঃ
দুই দফা তালাক দেওয়ার পরও স্ত্রীর সঙ্গে দীর্ঘ ১৬ বছর সংসার করার অভিযোগ উঠেছে জামালপুরের শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীর অভিযোগ, সংসার চলাকালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন স্বামী। দাবি করেন পাঁচ লাখ টাকা যৌতুকও। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাবিতা বেগমের দাবি, ২০১০ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বার তাকে তালাক দেন শফিকুল ইসলাম। তবে তালাকের বিষয়টি গোপন রেখে স্বামী-স্ত্রী পরিচয়েই তার সঙ্গে বসবাস অব্যাহত রাখেন। এভাবে কেটে যায় দীর্ঘ ১৬ বছর। এ সময়ে তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান।
সাবিতার অভিযোগ, অর্থের লোভে তাকে অন্য পুরুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেন শফিকুল। এর প্রতিবাদ করলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো তাকে। একপর্যায়ে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী। সেই টাকা দিতে না পারায় গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বর্তমানে এক মেয়েকে নিয়ে পোশাক কারখানায় কাজ করছেন সাবিতা। কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে।
জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে প্রতিকার না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে নিজের ওপর নির্যাতনের বর্ণনা দেন সাবিতা। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
অভিযোগটির তদন্ত করছেন জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ উদ্দিন। মুঠোফোনে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবিতা বেগমের করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 
























