সিএনএমঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততা নিশ্চিত করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্য নিয়েছে সংস্থাটি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন তাঁর কাছে আসা নথিতে এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি আবেদন থাকে। এসব আবেদনের মধ্যে অনেকেই ছয় মাস, ১০ মাস কিংবা কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন আবেদন ঝুলে থাকা এবং নাগরিকদের হয়রানির অভিযোগ তাঁকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবা নিয়ে ভোগান্তির খবর প্রকাশিত হলেও তিনি অস্বস্তি বোধ করেন। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে যেন এনআইডি সেবার ক্ষেত্রে হয়রানির অভিযোগ আর শুনতে না হয়।
এনআইডি সেবার মান উন্নয়নে আবেদন গ্রহণের পরপরই আবেদনকারীকে এসএমএস বা অন্য কোনো মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাঠানোর ওপর গুরুত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, কোনো নাগরিক আবেদন করলে তাঁকে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
এ ছাড়া প্রতিটি আবেদনের জন্য মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়ার প্রস্তাব করেন তিনি। এর মাধ্যমে আবেদনকারীরা পরবর্তী সময়ে যোগাযোগ করে তাঁদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
সিইসি বলেন, আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব না পাওয়া কিংবা আবেদনটি কোথায় আছে তা জানতে না পারা গ্রহণযোগ্য নয়। নাগরিকদের আবেদন গ্রহণ থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ করার আহ্বান জানান সিইসি।
জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এতে নাগরিকদের অপ্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং বারবার অফিসে যাতায়াতের ভোগান্তি কমবে।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হলো নাগরিকদের সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত এনআইডি সেবা নিশ্চিত করা। জাতীয় পরিচয়পত্র সেবা নিতে গিয়ে কেউ যেন দুর্নীতি বা অনিয়মের শিকার না হন, সেটিই তাঁর প্রত্যাশা।
Reporter Name 























