সিএনএমঃ
সাতক্ষীরায় কলেজছাত্র মো. জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) এবং তদন্তে সন্দেহভাজন অমিত হাসান ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর গ্রামে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে শিপনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অমিত হাসান ওরফে শিপন মো. হুমায়ুন কবিরের ছেলে। তার গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রামে।
পুলিশ জানায়, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। পরে শুইলপুর গ্রামের একটি বাড়ি থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজছাত্র জাকারিয়া খান। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এবার প্রধান আসামি নাহিদ হাসান ও তদন্তে সন্দেহভাজন শিপনকে গ্রেপ্তার করা হলো।
Reporter Name 
























