সিএনএমঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া যায়। আটকের পর জিজ্ঞাসাবাদে ক্যাম্পাসে প্রবেশের কারণ ও নিজের পরিচয় সম্পর্কে তিনি একাধিক ধরনের তথ্য দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, বোরকা পরে ক্যাম্পাসে আসার কারণ জানতে চাইলে প্রথমে ওই যুবক দাবি করেন, শিক্ষার্থীদের বিরক্তি এড়াতে তিনি বোরকা পরেছেন। পরে তিনি আবার দাবি করেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে তিনি ছদ্মবেশ নিয়েছেন।
জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথাও বলেন তিনি। তাকে পুলিশের কাছে হস্তান্তরের কথা উঠলে যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন করার অনুরোধ করেন ওই যুবক। একই সঙ্গে নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন। তবে তার দেওয়া পরিচয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সঙ্গে সম্পৃক্ততার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শিক্ষার্থীরা বলছেন, বোরকা পরে এক যুবকের এভাবে ক্যাম্পাসে প্রবেশের ঘটনা অস্বাভাবিক। তিনি কী উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তার কাছে পাওয়া আবাসিক হোটেলের কার্ডের বিষয়টি এবং জিজ্ঞাসাবাদে দেওয়া বিভিন্ন পরিচয়ের সত্যতা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিষয়টি তারা জেনেছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন, তা ভালোভাবে যাচাই করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি কোনো ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এসে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























