সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশের বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছে। খবর পেয়ে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক তাদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে জড়ো হওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
সকালেই কড়া নিরাপত্তার মধ্যে ছয়জনকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে তাদের আদালত প্রাঙ্গণ থেকে পুনরায় নিরাপত্তার মধ্যেই নিয়ে যায় পুলিশ।