সিএনএমঃ
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আসামিদের মধ্যে ছয়জন কারাগারে, তিনজন জামিনে এবং একজন পলাতক ছিলেন। চলতি বছরের এপ্রিলে বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানিতে অংশ নিয়ে অভিযুক্তরা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। আকস্মিক গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ২৯ জন গুরুতর আহত হন। তবে হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। এ ঘটনার পর দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
Reporter Name 

























