হঠাৎ একদিন নিখোঁজ হবো
নুরুন্নবী সোহেল
হঠাৎ একদিন নিখোজ হবো
তোমার অভিমানের আকাশ ছুঁয়ে,
যেখানে মেঘেরা কথা বলে
চুপ করে থাকা ভাষায়।
আমি তখন নদী হবো,
তোমার না-বলা কথাগুলো
বয়ে নিয়ে যাবো দূরে,
কাদামাটির গায়ে
ভালোবাসার ক্ষত লুকিয়ে।
বাতাস জানবে আমি এসেছি,
কিন্তু ডাকবে না নাম ধরে,
পাতারা কাঁপবে শুধু,
অভিমানের মতো—অকারণে, গভীর।
তোমার চোখের বৃষ্টি
আমার ভেতরেই জন্ম নেবে,
কেউ বুঝবে না
কে কাকে ভিজিয়ে দিলো।
হঠাৎ একদিন নিখোঁজ হবো
ভালোবাসা ফুরিয়ে নয়,
বরং
প্রকৃতির শরীরে ছড়িয়ে পড়ার জন্য।।