সিএনএমঃ
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেকোনো আইনসম্মত পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। তার দাবি, কিছু দুষ্কৃতকারী দেশ থেকে পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এবং সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং সরকার দুর্বল হয়ে পড়ে।
তিনি অভিযোগ করেন, কিছু মানুষ এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে এবং তাদের কার্যক্রমে ‘ঘি ঢালছে’। যারা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাদের
সেখান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ওলামা দল এবং বাংলাদেশের মুসলমান ও ইসলামপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, তারা যেন দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অবস্থান বিবেচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে আগে শেখ মুজিবের ছবি যেখানে ছিল, সেখানে প্রধানমন্ত্রী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এবং ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ প্রতিষ্ঠার কথা বলেছেন।
Reporter Name 














