সিএনএমঃ
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় নিজ বাসভবনের নিচতলায় দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
এ সময় পুলিশ সেখানে গিয়ে বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে তারা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।