সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর এক অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে জানতে পারে যে, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের এক যুবককে আটক করা হয়। তাঁকে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটকের সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পরবর্তীতে, সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখান থেকে আরও বেশ কিছু ককটেল, পেট্রোল বোমা ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সজিবের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।